আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জয়া আহসান। বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে জয়া বলেন, ‘আমাদের ভাষার দাবির ভেতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি। পাকিস্তানি শাসকেরা সেটা ঠিকই বুঝেছিল। তাই দুই–দুইবার তারা ভেঙে দিয়েছিল আমাদের প্রাণের শহীদ মিনার। একবার বায়ান্নোয়, আরেকবার একাত্তরে। ভেঙে দিয়েছিল, কিন্তু মোটেই নিশ্চিহ্ন করতে পারেনি। বাঙালির ভাষা শহীদ দিবস আজ বিশ্বজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে আজ সবার ভাষার দাবির কথা বলে।’
তিনি আরও বলে, ‘নভেরা আহমেদের নকশা করা শহীদ মিনারের ভাস্কর্যের আদলও আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে শহীদ মিনারের রেপ্লিকা নেই। লাখ খানেকের কাছাকাছি। এখন আর সেটি শুধু বাংলাদেশের সীমানাতেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক ভারতেই ১৪–১৫টি। আরও আছে আমেরিকায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, বেলজিয়ামে। বাংলাদেশের বাইরে সব মিলিয়ে প্রায় ২৫টির মতো। হচ্ছে আরও বেশ কিছু দেশে। আমার বিশ্বাস আরও হবে। মায়ের ভাষার প্রতি ভালোবাসা কার না বুকে আছে! এই শহীদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালোবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে।’