মেধাবী ছাত্র কারা

কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য একজন সাধারণ ছাত্র থেকে একজন মেধাবী ছাত্রকে আলাদা করে তোলে। এই বৈশিষ্ট্যগুলোর চর্চার মাধ্যমে সাধারণ ছাত্ররাই মেধাবী ছাত্র হিসেবে মেধার স্বাক্ষর রাখতে পারে। জানাচ্ছেন বিপুল জামান

যেকোনো ক্লাসে অনেক সাধারণ ছাত্রের ভিড়ে কিছু ছাত্র মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি পায়। এই মেধাবী ছাত্ররা কিন্তু ভিন গ্রহের অধিবাসী নয়। এরা আমাদের চারপাশেই বসবাস করে। কিন্তু শুধু কিছু ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য থাকার কারণে এরা পরীক্ষায় ফল ভালো করে এবং পরিচিত হয় মেধাবী ছাত্র হিসেবে। বৈশিষ্ট্যগুলো হলো

যে বিষয়ে পড়ানো হবে সে বিষয় সম্পর্কে মেধাবী ছাত্ররা ক্লাসে আসার আগেই কিছু ধারণা নিয়ে আসে। ফলে শিক্ষক যখন পড়ান তখন তারা সহজেই বিষয়টি বুঝতে পারে। ক্লাসে প্রশ্ন করতে পারে। পাঠদানকালে শিক্ষকের সঙ্গে স্বতঃস্ফূর্ত সক্রিয় থাকার কারণে তারা শিক্ষকের প্রিয়ও হয়ে থাকে।

একজন মেধাবী ছাত্র আত্মবিশ্বাসী, উদ্যমী আর প্রত্যয়ী মনোভাবের হয়ে থাকে। একজন মেধাবী শিক্ষার্থী তার অবস্থান সম্পর্কে সচেতন। তার রয়েছে দৃঢ় আত্মবিশ্বাস। তারা সব সময় নতুন কিছু জানা আর শেখার জন্য আগ্রহী। তাদের লক্ষ্য পূর্বনির্ধারিত এবং তারা এই লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিনিয়ত উদ্যমের সঙ্গে কাজ করে যায়।

একজন মেধাবী ছাত্র সমস্যা সমাধানে বদ্ধ পরিকর। সে একটি ইতিবাচক জেদ নিয়ে তার পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত সমস্যার সঙ্গে লড়তে থাকে। এই ইতিবাচক জেদি মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করে।

একজন মেধাবী ছাত্রের মনোভাব তার অজুহাতের থেকে দৃঢ় হয়। সে তার মনের অজুহাতকে পাত্তা না দিয়ে তার পড়াশোনা সম্পর্কিত কাজটি করে।

প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমিও কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর অভ্যাস করে সাধারণ ছাত্র থেকে মেধাবী ছাত্রে পরিণত হতে পারো।