৯০ এর পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই : জিএম কাদের

দেশে ’৯০ সালের পর থেকেই গণতান্ত্রিক চর্চা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, একুশের ধারাবাহিকতায় মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনো আমরা মুক্তি পাইনি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে সংবিধানে ৭০ ধারা সংযোজনের কারণে সরকারপ্রধানের অধীনে দেশের নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও নিম্ন আদালত। আবার উচ্চ আদালতের নিয়োগ থেকে অনেক কিছুই সরকারপ্রধানের প্রভাব থাকে, যাতে কোনোমতেই গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়। তাই ’৯০ সালের পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই। দেশের মানুষ সব বৈষম্য থেকে মুক্তি চায়। দেশের মানুষ তাদের অধিকার পেতে চায়। ন্যায়বিচারভিত্তিক শাসনব্যবস্থা ফিরে পেতে চায়। আইনের শাসন চায় দেশের মানুষ।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন আমাদের অন্যায়-অবিচারের কাছে মাথা নত না করে প্রতিবাদ করতে শিক্ষা দেয়। তাই জাতীয় পার্টি প্রতিটি অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে আপসহীনভাবে প্রতিবাদ করবে। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনোই আপস করবে না। নির্ভয়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে সব সময় সামনের সারিতে থাকবে। গণমানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি।

মাতৃভাষা দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।