শহীদ মিনারে রিজভী

আন্দোলন-সংগ্রামের পেছনে অধিকার হারানোর বেদনা

বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের পেছনেই অধিকার হারানোর বেদনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষে বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র হত্যা করা হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। চারটি পত্রিকা ছাড়া সব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই গণতন্ত্রের মুক্ত ধারা বইয়ে দিয়েছে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে তারই সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯ বছর সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’