রাজধানীর রূপনগরে গায়ের জামা দেখে স্বামী নুরুল ইসলাম গাজীর (৫০) কঙ্কাল শনাক্ত করেছেন তার স্ত্রী রহিমা বেগম। নিখোঁজের তিন মাস পর শনিবার বিকেলে পল্লবীর বেড়িবাঁধসংলগ্ন সাদ ফিলিং স্টেশনের পাশ থেকে একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। সন্দেহ থেকে খবর দেওয়া হয় নুরুল ইসলাম গাজীর স্ত্রী রহিমা বেগমকে। তিনি গতকাল রবিবার কঙ্কালের গায়ের সঙ্গে লেপ্টে থানা শার্ট দেখে শনাক্ত করেন কঙ্কালটি তার স্বামীর। এর আগে তিনি জিডি করেছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম বলেন, গত বছরের ১ নভেম্বর থেকে নুরুল ইসলাম গাজী নিখোঁজ মর্মে তার স্ত্রী রহিমা থানায় সাধারণ ডায়েরি করেন। নুরুল ইসলাম গাজী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে কঙ্কালটি নুরুল গাজীর কি না, সেটা নিশ্চিত হতে হবে।