মাদক ও গুলি দিয়ে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার ৫

ইয়াবা ও গুলি দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের ‘হেলথ অ্যান্ড ফেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান থেকে একজনকে গ্রেপ্তারের পর সেদিন রাতেই তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ইফতেখার করিম চৌধুরী (৪৮), মো. সোহেল (২৬), মো. ফয়সাল (২০), মো. নজরুল ইসলাম (৪২) ও মো. জামাল হোসেন (৪১)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তারদের বিষয়ে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানান।

সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, হেয়ার অ্যান্ড ফেয়ার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবা ও গুলি রয়েছে বলে গত শনিবার তাদের কাছে তথ্য আসে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের সোফার নিচ থেকে ২০০ পিস ইয়াবা ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজে এক যুবককে সোফার নিচে ইয়াবা ও কার্তুজ রাখতে দেখা যায়। সেখান থেকেই তখন ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, খুলশী থানাধীন নাসিরাবাদ এমইএস কলেজের সামনে হেয়ার অ্যান্ড ফেয়ার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে গুলি ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তা গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে উদঘাটন করা হবে।