বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ স্থাপন হবে: মন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রতিটি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। আগামীতে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে রেলের মাধ্যমে ভারতের শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশন পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এতে বাংলাদেশের সঙ্গে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগ আরও সহজতর হবে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন উচু ও বর্ধিত প্ল্যাটফর্ম নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল তখন রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে। রেলওয়েকে ধ্বংসের মধ্যে ফেলেছিল। আর এখন সরকার রেলওয়ের উন্নয়ন করছে।

রেলপথ মন্ত্রী বলেন, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু দ্বিতীয় সেতু নির্মাণ এবং তারপর ওপর শুধু রেল চলাচল করবে সেই কাজও শুরু হয়েছে। রেলযাত্রায় সময় বাঁচাতে ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, মংলাবন্দর পর্যন্ত রেল যোগাযোগের কাজ চলছে, আশা করছি আগামী বছরের জুনের মধ্যে রেল চলাচল শুরু হবে।

রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাব্যবস্থাপক ডিএন মজুমদার, জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যা।

পরে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি ঠাকুরগাঁও রোড রেলস্টেশন পরিদর্শন করেন।