সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্বামী মোটরসাইকেল চালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সালাম।
সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার রাজ ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম সালমা আক্তার (৪৮)। সালমা বরিশাল জেলার গৌরনদী থানার সাহেবের চর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, দুপুরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সালাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে সাভার থেকে ঢাকা সিএমএইচ যাচ্ছিলেন। তারা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা হানিফ পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নারী সিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি ওই নারীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছি।
সাভার হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হলে তার স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সালাম লিখিত দিয়ে লাশটি নিয়ে যায়।