বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে অবস্থিত পানগং হ্রদ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত ও চীন। ভারতের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভারতের বিবৃতিতে দাবি করা হয়েছে, গত শনিবার প্যানগং তসো হ্রদ এলাকা থেকে সব সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের জুন মাসে এই এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২৪ জন নিহত হন। ওই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তবে দুই দেশই এখন বলছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর নিজেদের ভূখণ্ডে উত্তেজনা কমাতে কাজ করবে তারা।
১১ ফেব্রুয়ারি চীন ও ভারত ওই হ্রদ এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। প্রত্যাহার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে পর্যালোচনা করতে শনিবার বৈঠকে বসেন দুই দেশের কমান্ডাররা। রবিবারের বিবৃতিতে বলা হয়, প্যানগং হ্রদ এলাকায় মোতায়েনকৃত সেনাদের সরিয়ে নেওয়াকে দুই পক্ষ স্বাগত জানাচ্ছে। সেনাদের সরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ওয়েস্টার্ন সেক্টরের এলএসির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিরোধপূর্ণ ইস্যু সমাধানে এটি ইতিবাচক দৃষ্টান্ত হবে।
ভারত ও চীনের মধ্যকার সীমান্ত ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ।