লাদাখ ইস্যুতে ‘আপত্তিকর’ মন্তব্য করায় চীনে জনপ্রিয় ব্লগার গ্রেপ্তার

লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে প্রাণঘাতী সংঘাতের ঘটনায় ‘বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করায় জনপ্রিয় এক ব্লগারকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ।

গত বছরের জুলাইর ওই সীমান্ত সংঘাতে নিহত চীনা সেনাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ৩৮ বছর বয়সী ওই ব্লগার। তখনো সেনা নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং।

সেসময় ভারত স্বীকার করেছিল, লাদাখে সীমান্ত সংঘাতে তাদের ২০ জন সেনা নিহত হয়েছিল। তবে কয়েকদিন আগে চীন স্বীকার করে যে, সেই ঘটনায় তাদের চারজন নিহত হয়েছিল।

বিবিসি জানায়, গ্রেপ্তারকৃত চীনা ব্লগারের পুরো পরিচয় জানায়নি পুলিশ, তবে তার বংশীয় নাম কিউ বলে প্রকাশ করেছে।

কর্তৃপক্ষের অভিযোগ, সীমান্ত সংঘাত নিয়ে ‘বিদ্বেষপূর্ণভাবে সত্যকে বিকৃত’ করেছেন তিনি।

লাদাখ ইস্যুতে একই অভিযোগে তিনিসহ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ১৯ ফেব্রুয়ারি কিউকে গ্রেপ্তার করা হয়। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে তার ২৫ লাখ ফলোয়ার আছে।

গ্রেপ্তারের পর উইবো থেকে তার অ্যাকাউন্টটি মুছে দেওয়া হয় বলে বিবিসির অনুসন্ধানে যায়, ফলে তার ফলোয়ার সংখ্যা যাচাই করা যায়নি।

তবে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি গত সপ্তাহে জানায়, কিউর অ্যাকাউন্টটি এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।