সরকারি হাসপাতালে অক্সিজেনের খালি সিলিন্ডার দিয়ে রোগীর সঙ্গে প্রতারণা!

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের খালি সিলিন্ডার দিয়ে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।উপজেলার গাজীপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে সাম্মী আক্তার (১৮) অসুস্থ হয়ে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি হলে তাকে অক্সিজেনের খালি সিলিন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগ।

জানা যায়, সোমবার সকাল সোয়া ৮টার দিকে সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুতে মেয়ে সাম্মী আক্তার (১৮) কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন। পাশাপাশি তার শ্বাসকষ্টও দেখা দেয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাম্মীকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর স্যালাইন ইনজেকশনের পাশাপাশি অক্সিজেনও দেওয়া হয়। তবে অভিযোগ অক্সিজেনের সিলিন্ডারটি ছিল খালি। অক্সিজেনের খালি বোতল দেখে সাম্মীর স্বজনরা কর্তব্যরত নার্সকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন সিলিন্ডার খালি নয় এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

তাদের অভিযোগ, সাম্মীর স্বজনরা মেডিকেল অফিসার ডা. সাদের  গেলে তিনি রোগীর রুমে এসে দেখেন অক্সিজেনের সিলিন্ডার খালি। তিনি তখন নার্সদের কাছে জানতে চান খালি সিলিন্ডার কেন লাগিয়েছেন। নার্সরা তার কথার কোনো উত্তর দিতে না পারায় চিকিৎসক রোগীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

তারা বলেন, মৌলভীবাজার নেয়ার জন্য রোগীর স্বজনরা হাসপাতালের অ্যাম্বুলেন্স চাইলেন নার্স তাহমিনা বলেন, অ্যাম্বুলেন্স রোগী নিয়ে সিলেট গেছে। নিয়ম অনুযায়ী শ্রীমঙ্গল সরকারি অ্যাম্বুলেন্স জেলার বাইরে যেতে পারে না। পরে একটি বেসরকারি ক্লিনিকের অ্যাম্বুলেন্সে তোলার পর সেখানকার অক্সিজেন সংযুক্ত করলে রোগী অনেকটা সুস্থ বোধ করে।

সাম্মীর আত্মীয়রা বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কথা বলতে চাইলে ডা. সাদ এবং নার্স তাহমিনা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।