জাসদের ২০ মাসের কর্মসূচির উদ্বোধন ১ মার্চ

বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও দলের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২০ মাসের কর্মসূচির শুরু হবে আগামী ১ মার্চ। এ উপলক্ষে দিনটিতে পতাকা র‌্যালি করবে জাসদ।

আগামী ২৬ মার্চ ২০২১ বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও আগামী ৩১ অক্টোবর ২০২২ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে জাসদের ২০ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হবে স্বাধীনতার মাস মার্চ মাসের প্রথম দিন।

দিনটিতে জাসদ ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলায় জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে পতাকা মিছিল করবে। পতাকা মিছিলে নেতৃত্ব দেবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। 

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি মঙ্গলবার এক বিবৃতিতে ঢাকাসহ সারা দেশে সকল জেলা-উপজেলায় পতাকা মিছিল সফল করার আহ্বান জানান।