বিএনপি নেতাদের টিকা নেওয়া উচিত জনসম্মুখে : তথ্যমন্ত্রী

বিএনপি নেতাদের গোপনে টিকা না নিয়ে জনসম্মুখে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারাণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আমি অনুরোধ জানাব, আপনারা (বিএনপি) এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে লজ্জা নিয়ে টিকা নেবেন না। আমরা আপনাদেরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দুই দেশের মধ্যে আন্তঃসংযোগ বাড়ানোর কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্যদেশ নিজেদের মধ্যে কানেকটিভিটি বাড়াচ্ছে, আন্তঃসংযোগ বাড়াচ্ছে। একটা সময় ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা লাগত, বর্তমানে সেটি আর লাগেনা। প্রথমে ইউরোপীয় ইউনিয়ন ১৫ সদস্যবিশিষ্ট ছিল। এখন সেটি ২৭ সদস্যবিশিষ্ট। তারা দেখেছে তাদের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি করে, রাজনৈতিক সীমারেখা দিয়ে জনগণকে আবদ্ধরেখে এবং তাদের ব্যবসা-বাণিজ্যে দূরত্বরেখে লাভ হয় না। তারা আন্তঃসংযোগ বাড়ানোর ফলে তাদের জিডিপি গ্রোথ বেড়েছে এবং কর্মসংস্থান বেড়েছে। বঙ্গবন্ধু যেসব চুক্তি করে গিয়েছিলেন তার কিছুটা হলে আমাদের মধ্যে আছে, আন্তঃসংযোগ কিছুটা হলেও স্থাপিত হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ভারতের বিরোধিতা করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৭৫ সালে দেশ যখন উল্টো পথে হাঁটা শুরু করল তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে আমাদের ক্ষতি হয়েছে, এই অঞ্চলের ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে যাদের মূল বিষয় হচ্ছে ভারত বিরোধিতা। যখন নির্বাচন আসে তখন ভারত বিরোধিতাকে সামনে নিয়ে আসে। অথচ ভারত আমাদের দেশের তিনদিকে পরিবেষ্টিত। যে দেশ আমাদের সংগ্রামের সময় রক্ত ঝরিয়েছে, যাদের সহযোগিতা ছাড়া আমাদের ৯ মাসের মধ্যে মুক্তির সংগ্রাম লাভ করা সম্ভব ছিল না।

ভুল, অসত্য ও তথ্যনির্ভর নয় এমন সংবাদ যেন বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ না হয় সেই বিষয়ে সতর্ক করে হাছান মাহমুদ বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এমন কোনো সংবাদ পরিবেশিত যেন না হয় যেটি দুই দেশের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে।

ইমক্যাব সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।