সিরাজগঞ্জে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় মামলা

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরির দুইদিন হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি।

এ ঘটনায় শিশুটির বাবা চয়ন ইসলাম বাদী হয়ে বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে শিশু মাহিমের মা শারমিন খাতুন জানান, ঠান্ডাজনিত কারণে গত ৬দিন আগে শিশু মাহিমকে এই হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার দুপুরে শিশুটিকে বেডে রেখে পাশের ওয়াশরুমে কাপড় ধোয়ার জন্য যান।

ফিরে এসে দেখেন ছেলে বেডে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। চুরি হওয়া শিশুটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকে শিশু ওয়ার্ডে চোর আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করেছি। এ ছাড়া হাসপাতালের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার দিন শিশুটির মায়ের সঙ্গে কোনো লোক ছিল না। এ সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, এ ঘটনায় শিশুটির বাবা চয়ন ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি জানার পরপরই শিশুটিকে উদ্ধারে জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামানো হয়েছে। আশা করি অচিরেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে। এ ছাড়া চুরির ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।