করোনা ভাইরাসের টিকা নিলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান এবং চলচ্চিত্রের দাম্পত্য জুটি মৌসুমী ও ওমর সানী। ছবি শেয়ার করে ফেইসবুকে এ খবর জানান তারা।
বুধবার দুপুরে টিকাদানের ছবি শেয়ার করে চিকিৎসকদের ধন্যবাদ জানান তাহসান। তবে কোথায় টিকা নিয়েছেন জানাননি।
অন্যদিকে রাজধানীর বিএনএস হাজী মহসিন হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন সানী-মৌসুমী।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, “আলহামদুলিল্লাহ। আজ কভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নিয়েছি। দেশবাসীকে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ে কভিড টিকা নেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
অভিনেতার শেয়ার করা ছবি থেকে দেখা যায়, আরও টিকা নেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক জাহিদ হোসেনসহ তাদের পরিবার।
এর আগে টিকা নিয়েছেন রুনা লায়লা, আলমগীর, জেমস, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, নাঈম, শাবনাজ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, তারিন ও আঁখি আলমগীরসহ অনেকে।