বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে খেলায় পড়েছিল দীর্ঘ বিরতি। অন্যান্য খেলার মতো গলফেও নেমে এসেছিল স্থবিরতা। আর্মি গলফ ক্লাবে প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে কেটেছে গলফারদের সবুজ কোর্টে ফেরার অপেক্ষা। আর এই টুর্নামেন্টের শিরোপা জিতে দারুণ প্রত্যাবর্তন হয়েছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। তৃতীয় ও শেষ দিনে অসাধারণ পারফরম্যান্সে ১২ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে সেরা হয়েছেন দু’বারের এশিয়ান ট্যুরজয়ী সিদ্দিকুর। কাল শেষ রাউন্ডে সাত বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হন তিনি। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলা জামাল হোসেন মোল্লা সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় হয়েছেন। আর প্রথম রাউন্ডে শীর্ষে থাকা আকবর হোসেন সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে তৃতীয় হন।