লালদিয়ার চরে অবৈধ স্থাপনা রাখার সুযোগ নেই : খালিদ

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এখানে অবৈধ স্থাপনা রাখার কোনো সুযোগ নেই। এত দিন যারা এগুলো দখল করে রেখে ফায়দা লুটেছেন, তাদেরও তালিকা তৈরি করা হয়েছে। সময় নিয়ে সেই সব চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় আনা হবে। গতকাল বুধবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

লালদিয়ার জায়গা বন্দরের কাজে লাগানো হবে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, এ জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে না। একটা সময় বন্দরের সক্ষমতা ছিল না, তাই বেসরকারি প্রতিষ্ঠানকে সেই সুবিধা দিয়েছিলাম। এখন বন্দরের সক্ষমতা আছে।

চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রবেশ মুখ মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে লাইফলাইন। এটা আমাদের সমৃদ্ধ রাখতে হবে। এই বন্দরের আধুনিকায়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি।