আল হাইয়্যাতুল উলিয়ার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় বাংলাদেশে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেগম লুৎফুন্নেছা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী সাওদা আক্তার।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনুয়া বেগম লুৎফুন্নেছা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে সাওদাকে সংবর্ধনা ও ১৩তম তাকমিল জামাতের বিদায়ী ছাত্রীদের খতমে বুখারী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাওদার মেঝ ভাই হাফেজ মাওলানা আবু বকর তার সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বেগম লুৎফুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আজিজুল হক মল্লিককের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার।
এ সময় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ধানকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন মোল্যা, সদস্য আলী আকবর দপ্তরী, মাদ্রাসার সহসভাপতি রাসুরুল হক মল্লিক, সাধারণ সম্পাদক জহিরুল হক (মাসুদ) মল্লিক, শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মুহতামিম আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, মুহাদ্দিস মাওলানা উবাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খতমে বাখারী ও দোয়া পরিচালনা করেন গাজীপুর টঙ্গীর দারুল উলূম মাদরাসার মুহতামিম ও সাইখুল হাদিস আল্লামা মুফতি মাসউদুল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা খুবই গর্বিত। কারণ সাওদা আক্তার আল হাইয়্যাতুল উলিয়ার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় বাংলাদেশে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন। এটা শুধু এই মাদরাসার গৌরব নয়, শরীয়তপুর জেলার গৌরব।
নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের বিএম সেকেন্দার আলীর বড় মেয়ে সাওদা আক্তার। তারা পাঁচ ভাই, চার বোন। সাওদার বাবা ফতেজঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত বছরের ১৯ ডিসেম্বর আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় এ ফলাফল অনুমোদন হয়। গড় পাসের হার ছিল ৭২ দশমিক ৬৫। ছাত্রদের পাশের হার ৮২ দশমিক ১০ আর ছাত্রীদের পাশের হার ৫৭ দশমিক ২১।
বাংলাদেশ জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করা হয়।