বাংলাদেশ ও বিশ্বপরিচয় ইতিহাসভিত্তিক একটি বিষয়। অনেকের ধারণা অনেক লিখলেই বুঝি এ বিষয়ে ভালো নম্বর পাওয়া যায়। ধারণাটি সত্য নয়। এ বিষয়ে ভালো করতে কিছু নির্দিষ্ট জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে। জানাচ্ছেন বিপুল জামান
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ইতিহাসভিত্তিক বিষয়। মনের মাধুরী মিশিয়ে বেশি লিখলেই এ বিষয়ে ভালো নম্বর তোলা সম্ভব না। এ বিষয়ের উত্তরগুলো হতে হবে তথ্য সমৃদ্ধ, সুনির্দিষ্ট এবং তাতে থাকতে হবে নিজস্ব উপস্থাপনের ছাপ।
তথ্য সমৃদ্ধ উত্তর : প্রশ্নের উত্তরে আমরা যা লিখি তা মূলত তথ্য। এসব তথ্যের উৎস হওয়া উচিত পাঠ্যবই। কিন্তু আমরা সহায়ক বইয়ের সহযোগিতায় পরীক্ষার এমন প্রস্তুতি নিই যেখানে পাঠ্যবইয়ের তথ্য যথেষ্ট পরিমাণে থাকে না। অনেকে আবার সাল, তারিখ, নাম ইত্যাদি তথ্য ভুল করার ভয়ে এসব তথ্য বাদেই উত্তর করে থাকে। ফলে তাদের উত্তর হয় আবছা ও ধোঁয়াশাপূর্ণ। এমন উত্তর পরীক্ষককে সন্তুষ্ট করতে পারে না। ফলে ভালো নম্বর পাওয়া যায় না। তাই ভালো নম্বর পেতে অবশ্যই প্রয়োজনীয় তথ্য যুক্ত করেই উত্তর করতে হবে। আর বিশেষ লক্ষ রাখতে হবে এসব তথ্যের উৎস যেন হয় পাঠ্যবই।
সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক লেখা : অনেক শিক্ষার্থীর ধারণা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বেশি লিখলেই বুঝি বেশি নম্বর পাওয়া যায়। আর বেশি লিখতে গিয়ে তারা প্রায়শই অপ্রাসঙ্গিক বিষয় লিখে ফেলে। তাতে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। অপ্রাসঙ্গিক লেখা দেখে পরীক্ষক বিরক্ত হন। উত্তর লেখার সময় খেয়াল রাখো তোমার উত্তর যেন প্রশ্নে যা জানতে চেয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক উত্তর অল্প হলেও বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ায়।
নিজস্ব উপস্থাপন শৈলী : ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সন, তারিখ, চরিত্র তো একই থাকে, তাহলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে একজন বেশি আর আরেকজন কম নম্বর পায় কেন? পায় উত্তরের উপস্থাপন শৈলীর কারণে। এ কারণে উত্তর উপস্থাপনে অবশ্যই তোমার নিজস্ব শৈলীর ছাপ থাকতে হবে। এই নিজস্ব শৈলীর ছাপ তোমার খাতাকে অন্যদের থেকে আলাদা করবে এবং অপেক্ষাকৃত বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়াবে। এ লক্ষ্যে বছরের শুরু থেকেই বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সহায়ক বইয়ের আশায় বসে না থেকে নিজে নিজে নোট তৈরি করো। শিক্ষককে দেখাও। তার পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন করো। তারপর উত্তরগুলো আয়ত্ত করো। এই উত্তরগুলোতে তোমার নিজস্ব উপস্থাপন থাকার কারণে তা সহজেই পরীক্ষকের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হবে।