জাতীয় দল নিউজিল্যান্ডে। তাই বলে দেশে ক্রিকেট থেমে নেই। আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইমার্জিং দল। চার দিনের ম্যাচ দিয়ে ভবিষ্যৎ ক্রিকেটারদের ব্যস্ততার সিরিজ শুরু হবে। এরপর থাকছে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। চার দিনের অনানুষ্ঠানিক টেস্টে ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন উইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডের সদস্য সাইফ হাসান। গত ৯ ফেব্রুয়ারি এই সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়। তাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারসহ তরুণদের আধিক্য। এই দল থেকে ভবিষ্যৎ টেস্ট ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বিসিবির। তাই এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস আসলে আইরিশ ‘এ’ দল। জাতীয় দলে খেলা দুই-তিনজন ক্রিকেটার আছেন দলে। তাদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল না দিয়ে ইমার্জিং দল দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছর। এর কারণ, বড় পর্যায়ের জন্য ক্রিকেটাররা কেমন প্রস্তুত তা দেখে নেওয়া। পাশাপাশি ভবিষ্যতে টেস্টের জন্য তরুণদের প্রস্তুত করতে চান নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘আসলে আমরা টেস্টকে গুরুত্ব দিতে চাচ্ছি। ভবিষ্যতে টেস্ট আরও চ্যালেঞ্জিং হবে। এজন্য ক্রিকেটার তৈরি করতে হবে এখন থেকেই। তাই তরুণদের সুযোগ দেওয়া। ওরা যেন শক্ত দলের বিপক্ষে খেলে নিজেদের তৈরি করতে পারে।’
২০ সদস্যের দলে চার পেসার ও তিন মিডিয়াম পেসার আছেন। তবে কি এই সিরিজে পেসনির্ভর দল হবে? নির্বাচক নান্নু অবশ্য গতকাল বিকেলে দল কেমন হবে তা জানাতে পারলেন না। জানালেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে পিচ যথারীতি চট্টগ্রামের সবসময় যেমন হয় তেমনই হবে বলে জানান তিনি। স্পিননির্ভর পিচ হলেও সুবিধা ইমার্জিং দলের। দলে দুজন লেগ স্পিনার মোহাম্মদ রিশাদ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব এবং অফস্পিনার শাহাদাত হোসেন দিপু আছেন।
উইন্ডিজের বিপক্ষে গত সিরিজের প্রস্তুতি ম্যাচেও ‘এ’ দল না দিয়ে এই ক্রিকেটারদেরই রেখেছিলেন নির্বাচকরা। সেবার তরুণ ক্রিকেটাররা খেলেছিলেন বিসিবি একাদশ নামে। এবার ইমার্জিং দল। উইন্ডিজ জাতীয় দল ও আয়ারল্যান্ড ‘এ’ টানা দুটি শক্ত দলের বিপক্ষে খেলা তরুণদের জন্য দারুণ শিক্ষণীয় হিসেবে দেখছেন নান্নু।
গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা এসেই চট্টগ্রামে র্যাডিসন ব্লু হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন করে আয়ারল্যান্ড। ২২ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করে তারা। চার দিনের টেস্টের পর একই মাঠে ৫, ৭ ও ৯ মার্চ সিরিজের তিন ওয়ানডে। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকার মিরপুরে বাকি দুই ওয়ানডে এবং ১৭ ও ১৮ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।