খুলনা জেলার ১৮টি সড়কে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। বিএনপির সমাবেশের কারণে বিশৃঙ্খলার আশঙ্কায় পরিবহন চলাচল বন্ধ থাকছে বলে জানান মালিক সমতির নেতারা।
বিএনপির দাবি, শনিবার খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই মূলত পরিবহন বন্ধ রাখা হচ্ছে। পরিবহন বন্ধ থাকলে অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা যাতে সমাবেশে আসতে না পারে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় শনিবার মহাসমাবেশের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে বিএনপির।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোনো অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।
তিনি বলেন, আগে থেকেই পরিবহন বন্ধ করা হতে পারে বিষয়টি মাথা রেখেই প্রস্তুতি নিয়েছে।