১৯ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে উ. কোরিয়াকে নির্দেশ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। খবর ভয়েস অব আমেরিকা।

একজন বিচারক এই মর্মে রায় দিয়েছেন যে, পিয়ংইয়ংকে ১৯৬৮ সালে গোয়েন্দা জাহাজ ইউএসএস পাবলোর সাবেক নাবিকদের যন্ত্রণা ও দুঃখভোগের জন্য ২.৩ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে।

২০১৮ সালে ইউএসএস পাবলোর নাবিক ও তাদের আত্মীয়স্বজন উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার রায় দেওয়া হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

সাধারণত বিদেশি সরকার এ ধরনের মামলা থেকে অব্যাহতি পেয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্র কংগ্রেস ২০১৬ সালে এ আইনে পরিবর্তন আনে। ওই সময় সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। আর এ কারণেই পাবলো জাহাজের নাবিকেরা মামলা দায়ের করার সুযোগ পেয়েছিলেন।

১৯৬৮ সালের ২৩ জানুয়ারির ঘটনার রেশ ধরে পঞ্চাশ বছরের বেশি সময় পর এ রায় পেল ভুক্তভোগীরা। ওই সময় কোরিয়া উপদ্বীপের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় উত্তর কোরিয়া ৮৩ জন নাবিকসহ ইউএসএস পাবলোকে জব্দ করে। পরে ১১ মাসের আলোচনার পর নাবিকদের মুক্তি দিলেও তারা জাহাজটিকে রেখে দেয়।