লেখক মুশতাক আহমেদের জানাজা শুক্রবার বাদ এশা রাজধানীর লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মুশতাক আহমেদের পরিবারের সদস্যরা এসব তথ্য জানান।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মুশতাক আহমেদের (৫৩) ময়নাতদন্ত সম্পন্ন হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. বায়েজীদ গণমাধ্যমকে জানিয়েছেন, কারাগারের পক্ষ থেকে মুশতাকের মৃত্যুর ব্যাপারে জিএমপির’র জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।