ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা থেকে ৭ ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন- আক্তার মোল্লা (২৮), দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের শিকদার (২৬), মোক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রারী (২৩) ও শফিক হাওলাদার (২১)। তারা সবাই বরিশালের হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।

শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রায়পুর থানাধীন পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।

তিনি বলেন, মেঘনা নদীতে সন্দেহজনক দুটি নৌকা থামার জন্য সংকেত দেওয়া হলে ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের সাত সদস্যকে আটক করে। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে পাঁচটি রামদা, একটি চোখা রাকসা, একটি লোহার পাইপ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

তিনি আরও জানান, আটককৃতদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।