নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গতকাল শুক্রবার দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে স্কুলশিক্ষার্থী অপহরণের দ্বিতীয় ঘটনা এটি।
উত্তর নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীদের হামলায় কয়েকশ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারি কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। এর মধ্যেই সরকারের এক মুখপাত্র জানালেন জামফারা রাজ্যের স্কুলে শিক্ষার্থী অপহরণের কথা। এ ব্যাপারে বিস্তারিত জানতে জামফারা রাজ্যের পুলিশের মুখপাত্রকে ফোন করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।