ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবিরের সমর্থনে বের করা মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের মেড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক মো. আকিব (২৬) ও শহর ছাত্রলীগের নেতা মো. সাব্বির (২২)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নায়ার কবিরের সমর্থনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি নিয়ে কিছুদূর এগোনোর পর দুর্বৃত্তরা মিছিলটি লক্ষ্য করে পরপর চারটি ককটেল ছোড়ে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ওই দুই নেতা আহত হন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার লোকজন মিছিলে ককটেল হামলা করেছে।
এ ঘটনায় মাসুম বিল্লাহ বাদী হয়ে ছাত্রলীগের সাবেক নেতা পারভেজ চৌধুরী, জুয়েল, শহর ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীনসহ ৫১ জনকে আসামি করে মামলা করেছেন।
তবে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরী নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘আমরা নৌকার সমর্থক, নৌকার পক্ষে কাজ করছি। আমরা কেউ এ হামলার সঙ্গে জড়িত নই।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।