ডিরেক্টরস গিল্ডের নির্বাচন

সভাপতি লাভলু সম্পাদক সাগর

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান সাগর। গতকাল শুক্রবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দেন নাট্য নির্মাতারা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

২০২১-২২ মেয়াদে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন ভোটাররা। এদিন রাত ৮টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। এ সময় তার পাশে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা। ফল ঘোষণায় জানানো হয়, নির্বাচনে ১৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন লাভলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হীরা পেয়েছেন ১৪৯ ভোট।

সহসভাপতি পদে মাসুম আজিজ ২৬৮ ভোট, ফরিদুল হাসান ১৯৯ ভোট এবং রফিকউল্লাহ সেলিম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া কামরুজ্জামান সাগর পেয়েছেন ১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১টি ভোট।

এ বছর ডিরেক্টরস গিল্ডে মোট ভোটার ছিলেন ৩৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৫৯ জন, তবে শর্ত না মানায় ২৮টি ভোট বাতিল হয়েছে।