সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বেতন গ্রেড-৬ এ উন্নীতকরণের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ’। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সদস্য সচিব মজিবুর রহমান বাবুল লিখিত বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে বিদ্যমান কোনো শিক্ষক সংগঠনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এ লক্ষ্যকে সামনে রেখে ১০ অক্টোবর ২০২০ সালে সারা বাংলাদেশের মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে এ সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার জন্য ১০০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। করোনার কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করা সম্ভব হয়নি। তবে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা ৪০টির অধিক জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছি।’
সংবাদ সম্মেলনে সংগঠনের ১৩টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ উৎসব ভাতা, বিধি মোতাবেক বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া; আইএলও ও ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ম্যানেজিং কমিটির সংস্কার করা; জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষক-কর্মচারীদের বদলির ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষকদের চাকরিকালীন পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
সংগঠনটির আহ্বায়ক নৃপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র চৌধুরী, মোহাম্মদ শফিউদ্দিন, মাসুম বিল্লাহসহ দেশের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।