ফুলবাড়ী সীমান্ত থেকে আড়াই কেজি সোনা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকা থেকে আড়াই কেজি ওজনের ১১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে ওই সীমান্ত এলাকার বুইচিতলা গ্রামের রাস্তার ওপর থেকে এসব সোনা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্ত দিয়ে সোনার বড় চালান পারাপার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্তবর্তী বুইচিতলা গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ২ কেজি ৪১৬ গ্রাম ওজনের ১১টি সোনার বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, ২ কেজি ৪১৬ গ্রাম সোনার পরিমাণ ২০৭ ভরি ২ আনা ২ রতি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। তিনি নিজেই বাদী হয়ে মামলা করার পর উদ্ধারকৃত সোনা দর্শনা থানায় জমা দিয়েছেন।