আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ যখন দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন দেশের প্রকৃত উন্নয়ন হয়। দেশ ও জনগণ যখন সংকটে পড়ে তখন শুধু আওয়ামী লীগই পাশে থাকে। এজন্য মানুষজন জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়। নীলফামারীর সৈয়দপুর পৌর পৌরসভার প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীক ভোট দেওয়ার বিকল্প নেই।
গতকাল শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে পৌর শহরের অফিসার্স ক্লাব মাঠে আসন্ন সৈয়দপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী রাফিকা আখতার জাহান বেবীর পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী নানক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে তা থেকে নীলফামারী জেলার ছয় উপজেলা বাদ পড়েনি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে কাজ শুরু হয়েছে। আর্মি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে শিক্ষানগরী সৈয়দপুরের মান আরও বৃদ্ধি করা হয়েছে। সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়কে বিজ্ঞান কলেজে রূপান্তর করাসহ পৃথক একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। রেলওয়ে কারখানাতে আরও একটি ওয়াগনশপ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের মাত্রা ত্বরান্বিত করা হচ্ছে। এ ধারাবাহিকতায় নীলফামারী ও সৈয়দপুরে আরও নানা ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, একটি পৌরসভার যেকোনো উন্নয়নকাজ পৌর পরিষদের মাধ্যমেই করায় সরকার। সেই পৌর পরিষদে সরকারদলীয় ব্যক্তি মেয়র থাকেন তখনই ওই পৌরসভার প্রকৃত উন্নয়ন ঘটে। কিন্তু সৈয়দপুর পৌরসভায় ৩০ বছর মেয়র পদে ছিলেন বিএনপির নেতা।