রাত পোহালে চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। শনিবার দুপুুরের পর থেকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
মিরসরাই পৌরসভা: আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচনের আগেভাগেই মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মিরসরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মো. গিয়াস উদ্দিন। তবে ওয়ার্ড কাউনসিলর পদে ৩৭ প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার নয় ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার আট শ ৫৫ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার চার শ ৪২ জন ও মহিলা ভোটার ছয় হাজার চার শ ১৩ জন। মোট ভোটকেন্দ্র নয়। এখানে ৩৮ বুথে দিনভর ভোটগ্রহণ চলবে। প্রতিটি বুথে থাকবে ১টি করে ভোটিং মেশিন।
বারইয়ারহাট পৌরসভা: এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম খোকন ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দিদারুল আলম মিয়াজি। সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৪ জন প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত নারী প্রার্থী। এখানকার নয় ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ৬ শ ৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫ শ ৯৪ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৬১ জন। এখানকার মোট কেন্দ্র ৯টি। এখানে ২৭টি বুথে দিনভর ভোটগ্রহণ চলবে।
মিরসরাইয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, দুই পৌরসভার প্রতি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটগ্রহণের জন্য দুই পৌরসভার ১৮টি কেন্দ্রে ১ জন করে সহকারি রির্টানিং কর্মকর্তা, ১ জন করে প্রিসাইডিং কর্মকর্তা ৩ জন করে সহকারি প্রিসাইডিং কর্মকর্তা ও নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, ৫ শ পুলিশ সদস্য, ১৫৩ জন আনসার সদস্য রাখা হয়েছে এবং র্যাবের টহল টিম থাকবে।
এ ছাড়া প্রতি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ কেন্দ্রের জন্য ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।
মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।