ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন গত নভেম্বরে। কিন্তু এই তিন মাসে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে অবহেলার অভিযোগ। এ নিয়ে তদন্তও চলছে। ময়নাতদন্তই হয়েছে দু’বার। বের হয়ে আসছে এমন সব তথ্য যা চমকে দিচ্ছে। বেঁচে থাকতে ম্যারাডোনার বদ-অভ্যাসগুলোই মৃত্যুর পর তাকে নিয়ে কাটাছেঁড়ার অন্যতম কারণ। ম্যারাডোনাকে নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার দুই মেয়ে জিয়ান্নিনা ও ডালমা।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সেই অস্ত্রোপচারের আগে ম্যারাডোনা নিয়মিত ‘মদ্যপান’ এবং ‘গাঁজা’ সেবন করেছেন বলে জানিয়েছেন তার দুই মেয়ে। চিকিৎসকরা নাকি এ বিষয়ে জানতেন। অথচ তিগ্রের বিচারিক বিভাগ থেকে এর আগে জানানো হয়েছিল ম্যারাডোনা ‘কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করেননি’। ম্যারাডোনার মৃত্যুর পর চিকিৎসক লিওপোলদো লুক, একজন মনোবিদ ও দুজন নার্সের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। একজন নার্স দাহিয়ানা মাদ্রিদের আইনজীবী রদোলফো বাকু ম্যারাডোনার দুই মেয়ের আদালতে দেওয়া এই সাক্ষ্যের বিবরণী পেশ করেছেন। ৩১ বছর বয়সী জিয়ান্নিনা সবার আগে শুনানিতে অংশ নেন। সেখানে ম্যারাডোনার দুই মেয়েকে আইনজীবী বাকু জিজ্ঞেস করেছিলেন, তাদের বাবাকে কখনো নেশাদ্রব্য গ্রহণ করতে দেখেছেন কি না? এর উত্তরে ডালমা বলেন, ‘চার্লির (কার্লোস ইবনেজ) সঙ্গে তাকে গাঁজা খেতে দেখেছেন।’
গন্ধের কারণে সেটা গাঁজা বলেই মনে হয়েছে।’