ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন। একই সঙ্গে বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবিও জানায় সংস্থাটি। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ড. আবদুর রাজ্জাক খান বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মির বিয়ের ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। আমরা ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্ত ও বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি করছি।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল না হওয়ার কারণে বিয়ে সংক্রান্ত তথ্য গোপন করার মাধ্যমে প্রতারণার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তথ্য যাচাই-বাছাই সহজলভ্য না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই। তাই বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করা হলে অবশ্যই এই প্রতারণার হার কমে যাবে।