পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ইউনুস আলী (৩৮) মারা গেছেন। গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. মেহেদী হাসান খান শাওন এ তথ্য নিশ্চিত করেছেন। ইউনুস আলীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।
মেহেদী হাসান খান শাওন জানান, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের নির্দেশে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ইউনুসসহ গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সিলিন্ডার বিস্ফোরণে ইউনুস আলীর ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যরা সেখানে চিকিৎসাধীন।