রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৪ জুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি উপকমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ জুন ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট এবং ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি পালায় (শিফট) সকাল সাড়ে ৯টা থেকে থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য আগামী ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ১৪ জুন ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট ও ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি পালায় (শিফট) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৯১টি আসনে তিনটি ইউনিটে পরীক্ষা হবে। ‘এ’ (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন ২ হাজার ১৯টি, ‘বি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০টি এবং ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১ হাজার ৬১২ আসন রয়েছে। প্রতিটি ইউনিটকে তিনটি আলাদা পালায় ভাগ করা হবে। তিন সপ্তাহজুড়ে তিন দিনে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তি পরীক্ষা কেবল এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবার থাকবে না লিখিত পরীক্ষা। এ ছাড়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd -এ পাওয়া যাবে।