যুক্তরাজ্যে প্রায় এক-তৃতীয়াংশ মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৬ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ২ কোটি ৮৯ হাজার ৫৫১ জনকে এ ডোজ দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচিতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্য অনেকটা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এটা বিশাল জাতীয় কৃতিত্ব। স্বাস্থ্যকর্মীদের নিরলস কাজের ফলে এটা সম্ভব হলো। জুলাইয়ের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ককে এক ডোজ করে টিকা দেওয়ার কাজ শেষ করতে চায় কর্র্তৃপক্ষ।
ইউরোপে করোনায় সবচেয়ে প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসেরও সন্ধান মিলেছে। ফলে ভাইরাসটি সেখানে দ্রুত ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত মোট ৪১ লাখ ৭৬ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।