ঠাকুরগাঁওয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে (১৭) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভগতগাজী মুরগির ফার্ম এলাকার ওই ঘটনায় গতকাল সোমবার অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো একই উপজেলার উত্তর মহেশপুর গ্রামের বাবুল, সোহেল, ঝাড়বাড়ি গ্রামের পইদুল ও রানীশংকৈল উপজেলার নুনতোর গ্রামের রমজান আলী। এর আগে গত রবিবার রাতে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর মা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার চেচরী গ্রামের প্রয়াত কালু মল্লিকের ছেলে। তিনি কাঁচপুর এলাকার কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া। সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন।