পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ হোসেন হাওলাদার (৩৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারুফ হোসেন উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের টিপু হাওলাদারের ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে মারুফ হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় নাজিরপুরের হাসপাতাল সংলগ্ন বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মারুফসহ ওই মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।  

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যেতে বলেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারুফের মৃত্যু হয়।