কেমন গল্পে নির্মিত ‘স্ফুলিঙ্গ’? দেখুন ট্রেইলারে

১৯ মার্চ মুক্তি পাবে তৌকির আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’। সোমবার (১ মার্চ) মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। দুই মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অংশ বিশেষ, মহান মুক্তিযুদ্ধে সংগীতশিল্পীদের দেশের গান করতে গিয়ে বাধার মুখে পড়া ও শিল্পীদের ভূমিকা উঠে এসেছে। পাশাপাশি স্টেজে পরীমনিকে গান পরিবেশন করতে দেখা যায়। তার সঙ্গে রয়েছেন শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম।

তরুণদের ব্যান্ড সংগীত চর্চাকে কেন্দ্র করে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার গল্প গড়ে উঠেছে। এতে বেশ কিছু শ্রুতিমধুর গান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এ সিনেমার গল্পে স্বাধীনতার চেতনার আবহ রয়েছে। বিষয়টি উল্লেখ করে তৌকীর আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হয়েছে। তাই সিনেমায় রয়েছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার আবহ।’

পরীমনি ছাড়াও এ সিনেমায় আরো তিনটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা। এছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।