পার্বতীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে গণপিটুনিতে জিয়ারুল হক (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গরুচোর সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোনাপুর বুড়িগঞ্জের সোবহান মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে জিয়ারুলসহ ৬-৭ জন একটি দল পিকআপ ভ্যানে করে হরিরামপুর ইউনিয়নের সুলতানপুর বেলঘাট এলাকায় এসে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিল। গ্রামবাসী চোরের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া  দেয়। এ সময় দলের অন্যরা জিয়ারুল হককে ফেলে রেখে পিকআপ ভ্যানে করে দ্রুত পালিয়ে যায়।

জিয়ারুল হক পালাতে না পেরে রসুলপুর গ্রামের বাঁশঝাড়ে আশ্রয় নেয়। সেখানে সুলতানপুর, রসুলপুর, লক্ষ্মীহোসেনপুর ও  বেলঘাটসহ আশপাশের ৪-৫ গ্রামের মানুষের গণপিটুনির শিকার হয় জিয়ারুল। সকাল ১০টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ জিয়ারুলকে উদ্ধার করে পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।