আটক ঢাবি শিক্ষার্থীদের মুক্তি দাবি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল থেকে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। তাদের অন্য দাবিগুলো হলো- লেখক মুশতাক হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে আটকদের মুক্তি দিতে হবে। নাহলে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। মুশতাক হত্যার দায় সরকারকে নিতে হবে। এর বিচারও সরকারকে নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নামক ‘কালো’ আইন বাতিল করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। এ সময় তারা দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রোক্টরের পদত্যাগ দাবি করেন।