উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী  কমিশনের (ইউজিসি) সঙ্গে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা তাদের আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান (অতিরিক্ত দায়িত্ব) সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক চিত্র তুলে ধরে।

সভায় নয়াদিল্লিস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের শিক্ষা ও গবেষণাবিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ অস্ট্রেলিয়ান শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে তার বক্তব্য দেন। বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় মাল্টিলেটারাল পলিসি, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রিকগনিশন সিস্টেম বিষয়ে বক্তব্য প্রদান করেন।     

সভায় আরও বক্তব্য দেন খুলনা বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. মুরছালিন বিল্লাহ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর তাহলীল মুন। বিজ্ঞপ্তি।