বিশ্ববিদ্যালয় ছাত্রী মৌমিতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

রাজধানীর কলাবাগান থানা এলাকায় ভবনের নিচ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী তাজরিন মোস্তফা মৌমিতার লাশ উদ্ধারের ঘটনায় পরিবার সোমবার রাতে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার বাদী হয়েছেন মৌমিতার বাবা কামাল মোস্তফা খান ওরফে শামীম। এই মামলায় আদনান নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদনান গত শুক্রবার ঘটনার পর থেকেই পুলিশ হেফাজতে ছিলেন।

মামলার এজাহারে হত্যার সঙ্গে জড়িত রয়েছে এমন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, বাসার ছাদে উঠলেই মৌমিতাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করত ফাইজার ও তার বন্ধুরা। 

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌমিতার বাবার করা মামলায় আদনানকে আজ (গতকাল) গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকেই তদন্ত করছি। যেহেতু সোমবার এজাহার দায়ের হয়েছে। এজাহারে সন্দিগ্ধ হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, এগুলোর বিষয়ে আমাদের তথ্যপ্রমাণ সংগ্রহের বিষয়টি চলমান রয়েছে। আমাদের তদন্তের স্বার্থে প্রয়োজন হলে এদেরকে গ্রেপ্তার, পুলিশ রিমান্ড বা অন্য যেসব কার্যক্রম আছে সেগুলো করব।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এই মুহূর্তে তদন্তের স্বার্থে এর বেশি বলা যাবে না।

নিহত মৌমিতা এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটির মালয়েশিয়া শাখায় পড়ালেখা করছিলেন। করোনার প্রভাবে গত বছর দেশে আসেন। এর পর থেকে মৌমিতা ও তার পরিবার কলাবাগান ৮ নম্বর রোডের ২ নম্বর বাড়ির চতুর্থ তলায় বসবাস করছিলেন। গত শুক্রবার বিকেলে মৌমিতা সাততলা ভবনটির ছাদে ওঠেন। সন্ধ্যার পর মৌমিতা ছাদ থেকে নিচে পড়ে গেছেন এমন খবর পায় পরিবার।