পটুয়াখালীর দুমকিতে অপহৃত এক কিশোরীকে (১৫) ৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা সংলগ্ন সিকদার বাড়ি অভিযান চালিয়ে থানা-পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের কিশোরী বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় হেঁটে বেড়ানোর সময় লেবুখালী গ্রামের আনোয়ার সিকদারের ছেলে আতিকুল ইসলামের নেতৃত্বে ৪/৫জনের অপহরণকারী চক্র জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়।
এ ব্যাপারে অপহৃতের বাবা ওই দিন রাতেই দুমকি থানায় একটি অভিযোগ করলেও দু’দিন পর মামলাটি রেকর্ড হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফরের নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আতিকুল ইসলাম (১৮)কে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
এসআই জাফর জানান, ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও মেডিকেল চেকআপের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিকে কোর্টে চালান দেয়া হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন, ঘটনায় জড়িত অন্যান্য আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।