আহমেদাবাদে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। ঐ ম্যাচের এক দিন আগে তৃতীয় টেস্টের স্মৃতিতে ফিরে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে দিবা-রাত্রির তৃতীয় টেস্ট ১২ ঘন্টায় শেষ হওয়ায় সমালোচনা করলেন ইনজামামও।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে ইনজামাম বলেন, ‘মাত্র ১২ ঘন্টায় একটি টেস্ট ম্যাচ কিভাবে শেষ হয়! এটি টেস্ট ক্রিকেটের জন্য হতাশার। আইসিসির এ বিষয়ে তনন্ত করে ব্যবস্থা নেয়া উচিত।’
ভারত ও ইংল্যান্ডের স্পিনাররা সিরিজের তৃতীয় টেস্টে রাজত্ব করেন। ম্যাচে পতন হওয়া ৩০ উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দু’দলের স্পিনাররা। ইংল্যান্ডের চেয়ে ভারতের স্পিনাররা বেশি ঝলক দেখিয়েছেন।
ভারতের বাঁ-হাতি অক্ষর প্যাটেল ১১টি, রবীচন্দ্রন অশ্বিন ৭টি এবং ওয়াশিংটন সুন্দর ও শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত শর্মা নেন ১টি উইকেট।
অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও জোফরা আর্চার ১ উইকেট নেন।
একদিনে ১৭ উইকেট পতন নিয়ে সমালোচনার ঝাল আরো বাড়িয়ে দেন ইনজামাম। তিনি বলেন, ‘এক দিনের মধ্যেই ১৭ উইকেট পড়ে গেল। এটি কিভাবে সম্ভব। অবশ্যই ঘরের মাঠে খেলার একটা সুবিধা সকলেই নিতে চাইবে। ভারতও সুবিধা নিয়েছে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনো যুক্তি নেই।’
খবর: বাসস