নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের উত্তরে একটি করোনাভাইরাস শনাক্তকরণ কেন্দ্রে হওয়া বিস্ফোরণকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে পুলিশ। পরিকল্পিতভাবেই ওই কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও ধারণা তাদের।
গতকাল বুধবার বোভেনকার্স্পল শহরে শনাক্তকরণ কেন্দ্রটি খোলার আগেই বিস্ফোরণটি হয়। এতে বেশ কিছু জানালার কাঁচ ধসে পড়লেও কেউ হতাহত হয়নি বলে নর্থ হল্যান্ড পুলিশের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
বোভেনকার্স্পল শহর আমস্টারডামের ৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। পুলিশ জানিয়েছে, তারা তদন্তের জন্য বিস্ফোরণস্থলের আশপাশ ঘিরে রেখেছে।
নেদারল্যান্ডসে ১৭ মার্চ সাধারণ নির্বাচনের আগে এই বিস্ফোরণের ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির সরকার করোনাভাইরাস মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো সন্তোষজনক কিনা এ নির্বাচনেই সে-বিষয়ক জনরায় মিলবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী মার্ক রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি এবারও সংখ্যাগরিষ্ঠ দল হতে যাচ্ছে বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে।
বুধবারের বিস্ফোরণের পর শনাক্তকরণ কেন্দ্রটির বাইরে ১০ সেন্টিমিটার দীর্ঘ ও ১০ সেন্টিমিটার প্রশস্ত ধাতব অবশেষ পাওয়া গেছে।