সিরি আ’তে আগের রাউন্ডে ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্রতে হোঁচট খেয়েছিল জুভেন্তাস। মঙ্গলবার জুভেন্তাস ৩-০ গোল স্পেজিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে। ক্যারিয়ারে ৬০০তম লিগ ম্যাচ খেলতে নেমে একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাব ধরলে রোনালদোই একমাত্র খেলোয়াড় যিনি টানা ১২ মৌসুম অন্তত ২০টি করে গোল করেছেন। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্টে তৃতীয় স্থানে জুভেন্তাস।
অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি স্বাগতিক জুভেন্তাস। ৬২ মিনিটে গোল করেন আলভারো মোরাতা। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদরিকো চিয়েসা। ৮৯ মিনিটে মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুরের পাস থেকে গোল করেন রোনালদো। এবার লিগে এটি তার ২০তম গোল। এই নিয়ে টানা ১২ মৌসুম অন্তত ২০ গোল করলেন এই পর্তুগিজ। যে রেকর্ড আর কারও নেই! ২০ গোল নিয়ে রোনালদোই লিগের সর্বোচ্চ গোলদাতা। ১৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোমেলু লুকাকু। জুভেন্টাসের জার্সিতে ইতালিয়ান লিগে সর্বশেষ ৪৮ ম্যাচে ৪৮ গোল রোনালদোর। ম্যাচের ইনজুরি সময়ের শেষ দিকে গিয়াসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেজিয়া। কিন্তু ব্যবধান কমাতে পারেননি আন্দ্রে গালাবিনোভ। তার দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন জুভেন্তাস গোলকিপার।