বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক শাহীন রেজা নূর

মৃত্যুর ২০ দিন পর নিজ দেশের মাটিতে সমাহিত হলেন সাংবাদিক শাহীন রেজা নূর। ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে মারা যান তিনি। গতকাল বুধবার ভোরে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ও প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূরের কফিনে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান তার সাবেক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল সকাল সাড়ে ১০টায় শাহীন রেজা নূরের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।