পুলিশ হেফাজত থেকে পলানো খুন, ডাকাতিসহ আট মামলার আসামি মো. হারুন অর রশিদ ওরফে সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। গতকাল বুধবার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার সোহাগ পল্লী কজ মার্কেট বনের ভেতর একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কোর্টের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকে বলে জানায় ডিবি।
গত ২৩ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ মডেল থানার একটি ডাকাতি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে গিয়ে পুলিশ হেফাজত থেকে কৌশলে পালায় সুমন। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে পুলিশ। ফলে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা জেলা পুলিশের ৮ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ দেশ রূপান্তরকে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি একটি ডাকাতি মামলার হাজিরা দিতে এসে পুলিশ হেফাজত থেকে সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় হারুন অর রশিদ ওরফে সুমন।