গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (ডুয়েট) চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের ভেতরে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সব অফিস ভবন এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইপিই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সেশন শেষ হয়ে গেছে। গত বছরের নভেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী বিশ^বিদ্যালয় থেকে প্রকাশিত একাডেমিক সূচি অনুসারে গত ২০ জানুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। যেখানে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২২ ফেব্রুয়ারি সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক সভায় এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর ঘোষিত নির্দেশনায় ২৪ ফেব্রুয়ারি বিশেষ বিবেচনায় ২০১৩ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। সেখানে ২০১০ সালের এসএসসি পাসকৃত ডুয়েট শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা স্থগিত রয়েছে। তাই তাদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে ডুয়েটের উপাচার্য ড. মো. হাবিবুর রহমান জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলাচনা চলছে। এখনই কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। সব বিষয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।